ইন্ডিয়া থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ইন্ডিয়া থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:৫৫

ইন্ডিয়ার নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। এর মাধ্যমে চলতি এপ্রিল মাসে ইন্ডিয়া থেকে মোট ২০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই ৭ হাজার মেট্রিক টন ডিজেল ইন্ডিয়ার নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ম্যানেজার কাজী রবিউল আলম।

তিনি বলেন, চলতি মাসে এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে মোট ২০ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন, ১৯ এপ্রিল ৫ হাজার মেট্রিক টন এবং সর্বশেষ ২৩ এপ্রিল ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।

কর্তৃপক্ষ জানায়, ইন্ডিয়ার নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল সরাসরি পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়। মার্চ মাসেও ২২ হাজার মেট্রিক টন ডিজেল ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছিল। ফলে চলতি বছরের মার্চ এবং এপ্রিলের ২৩ তারিখ পর্যন্ত নুমালীগড় থেকে মোট ৪২ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসেছে।

জানা গেছে, ৭ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছাতে সময় লাগে আনুমানিক ৭০ ঘণ্টা। আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এপ্রিল মাসের মধ্যে আসার কথা রয়েছে। সেটি যুক্ত হলে চলতি এপ্রিলে মোট আমদানি দাঁড়াবে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ডিজেল।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়।

পরবর্তী দফাগুলোতেও ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আসে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে। সব মিলিয়ে বিভিন্ন ধাপে মোট ৪২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।

একাধিক সূত্র জানায়, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। এপ্রিল মাসে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রক্রিয়া চললেও পার্বতীপুর ডিপো কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চলতি মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়ার কথা রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ডিপোতে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। প্রতিদিন যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড, পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মাধ্যমে নির্ধারিত ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading