কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৫
কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (১ নভেম্বর) কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। দণ্ডিত মো. জুয়েল (৩০) কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ওই গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকায় আসামি জুয়েল প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ২০১৯ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে স্বামীর অনুপস্থিতিতে এই ঘটনা ঘটে।
“ওই সময় তিনি ঘর থেকে বের হয়ে শৌচাগারে যাওয়ার সময় আসামি জুয়েল গলায় ছুরি ধরে ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেন।” গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই জুয়েল পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়।
সরকারি কৌঁসুলি আব্দুল হালিম জানান, এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে জুয়েলের নামে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৮ নভেম্বর জুয়েলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

