হাসপাতালে ভর্তি ম্যারাডোনা

হাসপাতালে ভর্তি ম্যারাডোনা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫০

বেশ কিছুদিন ধরে অসুস্থ ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ডিয়েগো ম্যারাডোনা। কয়েকদিন আগে ৬০তম জন্মদিন পালন করা এই কিংবদন্তিকে গতকাল সোমবার আচমকাই ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। এমন খবরে ভক্তদের মাঝে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি অতটা গুরুতর নয় বলে জানিয়েছে তার চিকিৎসক।

আর্জেন্টাইন কিংবদন্তিকে ভর্তি করানো হয়েছে লা প্লাতার একটি হাসপাতালে। এখানকারই স্থানীয় একটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক ডা. লিওপোলডো জানিয়েছেন, ‘গুরুতর কিছু নয়। তিনি চাইলে যে কোনও সময় হাসপাতাল ত্যাগ করতে পারবেন। তবে আমার মতে তাকে কমপক্ষে তিন দিন পর্যবেক্ষণে রাখতে হবে। যেন তার অবস্থা নিয়ন্ত্রণে থাকে।’

শারীরিক স্বাস্থ্যের চেয়ে ম্যারাডোনার জটিলতা মানসিক স্বাস্থ্য নিয়েই বেশি। সেই কথাই বলেছেন লিওপোলডো, ‘তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। যা তার শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।’

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে, ম্যারাডোনার মাঝে করোনার সংক্রমণ ঘটেনি। কিছুদিন আগে নেগেটিভ হয়েছেন। এর কারণ তার এক বডিগার্ডের মাঝে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। সেই ভয়ে ম্যারাডোনা নিজেকে আইসোলেশনে রেখেছিলেন।

সর্বশেষ শুক্রবার নিজের জন্মদিন উপলক্ষে জনসম্মুখে এসেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর পর তার দল জিমনাশিয়া লা প্লাতার লিগ ম্যাচে উপস্থিত হয়েছিলেন ঠিকই। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। শুরুর আগেই অসুস্থতার কারণে মাঠ ত্যাগ করে গেছেন।

প্রসঙ্গত, ম্যারাডোনা দীর্ঘ দিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অনিয়ন্ত্রিত জীবন যাপনে অভ্যস্ত হওয়ায় তাকে বেশ কয়েকবারই হাসপাতালমুখী হতে হয়েছে। ২০১৯ সালেও পাকস্থলীতে রক্ত ক্ষরণের কারণে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading