রূপকল্প ২০৪১’র সাথে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : শিল্পমন্ত্রী

রূপকল্প ২০৪১’র সাথে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : শিল্পমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩৭

রূপকল্প-২০৪১’র সাথে সামঞ্জস্য রেখে পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নেরও ওপর গুরুত্ব আরোপ করেছেন
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, উন্নয়নের বর্তমান ধারা ধরে রেখে ২০২৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করে পরবর্তীতে উচ্চতর অগ্রগতির পথে যাত্রা করবে।

বুধবার (০৪ নভেম্বর) বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ আয়োজিত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২০২৫) দলিলের খাতভিত্তিক অধ্যায় ১, ২ এবং ৩ এর ওপর জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতি কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্যাটাগরির শিল্প ও সার্ভিস সেক্টরের জন্য ৭২ হাজার ৫০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। যা বাস্তবায়নের ফলে ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস ইন্ডাস্ট্রি ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। তিনি এসময় ব্যাংকিং চ্যানেলের বাইরে থাকা অতি ক্ষুদ্র, কুটির ও অপ্রাতিষ্ঠানিক শিল্পখাতের উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন।

শিল্পমন্ত্রী বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার পাশাপাশি ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের উন্নয়ন এবং সেবাখাত বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এর ফলে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার কাজ যেমন এগিয়ে যাবে তেমনি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের হাত ধরে যাতে দেশের সামগ্রিক শিল্প খাত এগিয়ে যেতে পারে সেজন্য শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে শিল্পবান্ধব আইন, বিধি, কর ও শুল্ক কাঠামো, কোয়ালিটি ইনফ্রাসট্রাকচার ও ভৌত অবকাঠামো গড়ে তুলেছে। ফলে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই বেড়ে চলেছে। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading