সতীর্থরা আগের মতোই তাকে বিশ্বাস করবে, আশা সাকিবের

সতীর্থরা আগের মতোই তাকে বিশ্বাস করবে, আশা সাকিবের

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৫০

বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, তিনি আশা করেন যে তার সতীর্থরা আগের মতোই তাকে বিশ্বাস করবে।

চলতি মাসের শেষের দিকে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ দলের টি-টোয়েন্টি লীগে ফিরতে প্রস্তুত এই অলরাউন্ডার। তবে সাকিবকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি যদি এই পরীক্ষায় ভালো করেন তবেই তাকে লীগে খেলতে দেয়া হবে।

সাকিব সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে মিডিয়া এবং তার ভক্তদের পাঠানো অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন।

তার সতীর্থরা তাকে আগের মতো পছন্দ এবং বিশ্বাস করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি কঠিন প্রশ্ন। আমি জানি না কে কী ভাবছে। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরি হতেই পারে। সেটা কখনোই অস্বীকার করি না। তবে আমি আশা করি তারা যেভাবে আমাকে বিশ্বাস করত, এখনও সেভাবেই বিশ্বাস করবে। আমি সবসময় তাদের সাথে যোগাযোগ রেখেছি। আমি কখনো ওইভাবে কিছু অনুভব করিনি।’

‘আমি মনে করি ঘটনাটি এমন কিছু যা কারও মনে সন্দেহ তৈরি করতেই পারে। এ সম্পর্কে আমার কোনো আফসোস নেই। তবে, আমি বিশ্বাস করি তারা আমাকে আগের মতো গ্রহণ করবে,’ বলেন সাকিব।

ক্রিকেট থেকে সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা গত ২৯ অক্টোবর শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে আসন্ন টুর্নামেন্টেই সাকিবকে আবারও তার পুরোনো রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading