আসেম অর্থমন্ত্রী পর্যায়ের ১৪তম সভা আজ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৭:০৫
আসেম (দ্য এশিয়া-ইউরোপ মিটিং) অর্থমন্ত্রী পর্যায়ের ১৪তম সভা অনুষ্ঠিত আজ শুক্রবার (৬ নভেম্বর)। ভার্চুয়াল এ সভার আয়োজক বাংলাদেশ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় একটি ভিডিও বার্তা দেবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভার মূল প্রতিপাদ্য ‘কোভিড-১৯ মোকাবেলা : একটি শক্তিশালী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনরূদ্ধার নিশ্চিতকরণ।’
আসেম অংশীদার দেশগুলোর অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা সভায় অংশ নেবেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আসেম অংশীদার দেশগুলোর অর্থমন্ত্রী ও ডেলিগেশন প্রধানরা বক্তব্য রাখবেন।
এশিয়া ও ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে কর্মপন্থা নির্ধারণের বিষয়ে সভায় আলোচনা হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

