সাভারে প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাই: গ্রেপ্তার ৩

সাভারে প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাই: গ্রেপ্তার ৩

উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৯

সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে ইতালী প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তারা হলেন- মোস্তাফিজুর রহমান, বারেক সিকদকার ও নাসির। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

শনিবার (০৭ নভেম্বর) সকালে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।

সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ডাকাতি ও ছিনতাইয়ের সময় নির্দিষ্ট মোবাইল ও সিম ব্যবহার করে। ডাকাতি শেষে ফেলে দেয়। এই ঘটনায় তারা ১০ জন অংশ নেয় ও লুট করা টাকা প্রতিজনে ৫০ হাজার করে ভাগ করে নেয়। তাদের কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব জানায়, গত ২৮ অক্টোবর বেলা সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক আমিনবাজার শাখা থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের (লোহার ব্রিজ) কাছে ছিনতাইকারীর কবলে পড়েন প্রবাসী আমানুল্লাহ। এসময় তাকে লক্ষ্য করে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে তার ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং ওই প্রবাসী গুলিবিদ্ধ হন। ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পিস্তলসহ ১২ রাউন্ড গুলি ও ছুরি জব্দ করা হয়েছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading