বঙ্গবন্ধুকে উৎসর্গ বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ
উত্তরদক্ষিণ | রবিবার, ০৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০৫
বাংলাদেশ ও নেপালের মধ্যে হতে যাওয়া প্রীতি ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে রবিবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।
“বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে এই ম্যাচ দুটি আমরা জাতির জনককে উৎসর্গ করতে চাচ্ছি। আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু কোভিড-১৯ এর কারণে তা আর সম্ভব হয়নি।”
গত মার্চ থেকে বন্ধ থাকা দেশের ফুটবল নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সালাউদ্দিন প্রতিকূল পরিস্থিতি পেরুনোর আশাবাদ জানাতে স্বাধীনতা যুদ্ধের সময়ের স্মৃতিচারণ করলেন।
“ফুটবলাররা শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাকে সরাসরি যুদ্ধে গেছে। আমরা করোনাভাইরাসকে হার মানিয়ে মুজিব শতবর্ষ প্রোগ্রাম করব। তারই ধারাবাহিকতায় সরকারের সব নিয়ম-কানুন মেনে ফিফা থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচ আয়োজন করছি। আশা করি, সাফল্যের সঙ্গে সেটি শেষ করতে পারব।”

