করোনাভাইরাসে আক্রান্ত ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্স
উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস ভিন্স। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। পিএসএলের প্লে অফে আগামী শনিবার মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল ইংল্যান্ডের গত বিশ্বকাপ জয়ী দলের সদস্য ভিন্সের।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সোমবারের (৯ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে নিয়ম অনুযায়ী পজিটিভ হওয়ার দিন থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।
বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়েও চুক্তিবদ্ধ আছেন ভিন্স। তবে এই টুর্নামেন্ট শুরুর এখনও প্রায় এক মাস বাকি থাকায় সেখানে তার অংশগ্রহণে হয়তো সমস্যা হবে না।
এই নিয়ে পরপর দুই দিনে দুটি ধাক্কা খেল মুলতান সুলতানস। তাদের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের মাহমুদউল্লাহর। তবে তার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হওয়ায় খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের।

