ট্রাম্পের আচরণ বিব্রতকর : বাইডেন

ট্রাম্পের আচরণ বিব্রতকর : বাইডেন

উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৫

নির্বাচনে নিজের পরাজয় স্বীকার না করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘বিব্রতকর’ পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন জো বাইডেন। আমেরিকার সদ্য-নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না। ট্রাম্প ইতোমধ্যে টুইট করে বলেছেন, শেষ পর্যন্ত তিনিই জয় পাবেন। খবর বিবিসি

প্রতি চার বছর পর আমেরিকার গণমাধ্যম যেভাবে নির্বাচনে কে বিজয়ী হতে যাচ্ছেন তা তুলে ধরে সেভাবে এবারও দেশটির সবগুলো প্রধান টেলিভিশন নেটওয়ার্ক ট্রাম্পের পরাজয়ের বিষয়ে পূর্বাভাস দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন, এ বিষয়ে তিনি কী ভাবছেন, মঙ্গলবার (১০ নভেম্বর) ডেলওয়ারের উইলমিংটনে একজন সাংবাদিক বাইডেনকে এ প্রশ্ন করেন।

উত্তর বাইডেন বলেন, “খোলাখুলি বললে, এটিকে আমি বিব্রতকর বলে মনে করি। এটি প্রেসিডেন্টের উত্তরাধিকারকে সাহায্য করবে না। ২০ জানুয়ারি এসব শেষ হবে।” ২০ জানুয়ারি, ২০২১ আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনও চলছে। এই রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর আমেরিকার ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

হোয়াইট হাউসের ওভাল দপ্তরের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকা বাইডেনকে বিদেশি রাষ্ট্রগুলোর নেতারা ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। গতকাল মঙ্গলবার তিনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিকেল মার্টিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল অন্যতম। এ প্রসঙ্গে বাইডেন বলেছেন, “আমি তাদের জানিয়েছি, আমেরিকা ফিরে আসছে। আমরা আবার খেলায় ফিরে আসছি।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading