কবর থেকে মাথা চুরি!

কবর থেকে মাথা চুরি!

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৫

পাবনার ঈশ্বরদীতে মারা যাওয়ার ১২ দিনের মাথায় কবরস্থান থেকে ৮৫ বছরের এক বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস‌্যদের বরাত দিয়ে ওসি সেখ নাসীর উদ্দিন জানান, উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের স্ত্রী ফজিলা খাতুন (৮৫) শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ৩১ অক্টোবর মারা যান। মারা যাওয়ার পর তাকে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিনের মাথায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতের মধ্যে কোনো এক সময় কবরস্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ওসি সেখ নাসীর উদ্দিন।

ওসি আরও জানান, কি কারণে বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ বাহিনী কাজ করছে। মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, একইদিন বৃদ্ধা ফজিলা খাতুনের আপন জামাই মজিবর রহমান মারা যায়। একই এলাকায় বাড়ি হওয়ায় তাদের দু’জনের কবর পাশাপাশি ছিল। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এমন ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading