মুখে মাস্ক না পরায় ৮৯ জনের জরিমানা

মুখে মাস্ক না পরায় ৮৯ জনের জরিমানা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৩৫

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক না পরায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৮৯ জনকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। এদের মধ্যে ৩০ জনকে ছয় ঘণ্টার আটকাদেশও দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চেরাগী পাহাড়, হাজারি লেইন, টেরিবাজার এবং জহুর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও আলী হাসান এ জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর হাজারি লেইন, চেরাগী পাহাড় ও টেরিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ৭৫ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ৩০ জনকে ১০০ টাকা করে জরিমানার পাশাপাশি সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ছয় ঘণ্টার আটকাদেশ দেওয়া হয়।

“করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ লোকজনের মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসন অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে এ জরিমানা।” অপরদিকে নগরীর জহুর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ১৪ জনকে দুই হাজার দুইশ টাকা জরিমানা করেন।

তিনি বলেন, মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের এ জরিমানা করা হয়েছে। তাদের মুচলেকাও নেওয়া হয়েছে। এছাড়া তাদের সতর্ক করে ভবিষ্যতে মাস্ক পরতে বলা হয়েছে অভিযানে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading