ঘূর্ণিঝড় ভামকোর পর ফিলিপিন্সে এবার বন্যার ধাক্কা
উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২৫
ফিলিপিন্সে চলতি বছর আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড় ভামকোতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ তে দাঁড়িয়েছে। দেশটিতে সাড়ে চার দশকের মধ্যে দেখা দেওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় উত্তরাঞ্চলের অনেক এলাকাও পানির নিচে তলিয়ে গেছে বলে রবিবার (১৫ নভেম্বর) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টাইফুন ভামকোতে বিপুল বৃষ্টিপাতের পর কাগায়ান ভ্যালি এলাকার বন্যা পরিস্থিতির পর্যালোচনায় তুগুয়েগারাও প্রদেশ সফর করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে। ভামকো রাজধানী ম্যানিলাসহ ফিলিপিন্সের লুজন দ্বীপের বেশিরভাগ অংশেই তুমুল বৃষ্টি ঝরিয়েছে।
টাইফুনে এখন পর্যন্ত কাগায়ানে ২২, দক্ষিণ লুজনে ১৭, ম্যানিলায় ৮ এবং অন্য দুটি এলাকায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিম্বাল। ১২ জন এখনও নিখোঁজ এবং প্রায় ২৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেছেন তিনি।
“গত ৪৫ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। আমরা দেখছি, প্রতিবছরই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে,” দুতের্তের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন কাগায়ানের গভর্নর ম্যানুয়েল মাম্বা। ভামকো এবং চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন গনিসহ গত চার সপ্তাহের মধ্যেই ফিলিপিন্সে ৪টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।
ব্রিফিংয়ে মাম্বা কাগায়ানে বন উজাড়ের বিষয়টিও তুলে ধরেন। এরপরই দুতার্তে প্রদেশটিতে গাছ কাটা কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। “আমরা সবসময় অবৈধভাবে গাছ কাটা ও খনন নিয়ে কথা বলি, কিন্তু এ নিয়ে কিছুই করা হয়নি,” বলেন দুতার্তে।
কাগায়ানে ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা ২১তম ঘূর্ণিঝড় ম্যানিলার কিছু অংশেও কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা নিয়ে এসেছে।

