বিশ্বকাপে অংশ না নেয়া সরকারের ‘বড় ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব
উত্তরদক্ষিণ। বুধবার (২৯ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:০০
সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়াকে সরকারের ‘বড় ভুল’ সিদ্ধান্ত বলে মনে করেন সাকিব আল হাসান।
নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকার ইন্ডিয়া সফরের অনুমতি না দেওয়ায় গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেয় আইসিসি। ১৯৯৯ সালের পর এই প্রথম বাংলাদেশ দল ক্রিকেটের কোনো বিশ্বকাপ আসরে খেলল না।
মুম্বাইয়ে ‘ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম’-এর এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেটপ্রেমী একটি দেশ। আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল।’
রাজনৈতিক অস্থিরতার জেরে ইন্ডিয়া ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলাকালে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কায় বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে দেয়। কয়েক সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের নাম বিশ্বকাপ থেকে বাদ পড়ে।
ইউডি/এবি

