রায়হান হত্যা: এসআই আকবর কারাগারে

রায়হান হত্যা: এসআই আকবর কারাগারে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

সিলেটে পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ নিহত রায়হান আহমদ হত্যা মামলার আসামি এসআই আকবর হোসেন ভুঁইয়াকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে হাজির করা হলে তাকে এ আদেশ দেন।

আদালতের এপিপি মো. শামীম জানান, আকবরকে আদালতে হাজির করে পিবিআই জবানবন্দির প্রার্থনা বা পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন না জানানোর কারণে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসআই আকবরের পক্ষে কোন আইনজীবী না থাকায় তিনি নিজেই তার পক্ষে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন বলে জানান তিনি।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ৯ নভেম্বর দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেপ্তার করে পুলিশ। ১০ নভেম্বর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান তদন্ত কর্মকর্তা; আদালত সাত দিনের আবেদন মঞ্জুর করেন।

রায়হান হত্যা মামলায় এখন পর্যন্ত এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কনস্টেবল টিুটু চন্দ্র দাস,হারুনুর রশিদকে দুই দফায় আট দিন করে ও এএসআই আশেক এলাহীকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১৫ নভেম্বর তিন দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।

রায়হান হত্যাকাণ্ডে বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর, হাসান উদ্দিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading