মুজিববর্ষ উপলক্ষে তিন ধরনের ঘড়ি উদ্বোধন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০
ডায়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্বাক্ষর সম্বলিত বিশেষ সংস্করণের তিন ধরণের হাতঘড়ি উদ্বোধন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে বিশেষ সংস্করণের এই হাতঘড়ির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকায় ইন্ডিয়ার হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
ইন্ডিয়ার নামী ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটান ইন্ডিয়ান হাই কমিশনের জন্য বিশেষ সংস্করণের ঘড়িগুলো তৈরি করেছে। ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে সরকার ব্যাপক কর্মসূচি নিয়েছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য জনস্বাস্থ্যের কথা চিন্তা করে কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
“বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ। মুক্তিযুদ্ধে ইন্ডিয়া সরকার ও জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছিল। কাজেই আমাদের সম্পর্কটা অত্যন্ত নিবিড়।”
বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধির মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল তার ধারাবাহিকতায় দুই দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এসে তা ‘অধিক প্রমাণিত’ হয়েছে বলে মন্তব্য করেন কাদের।
তিনি বলেন, “দুই দেশের প্রধানমন্ত্রীর গতিশীল ও ভবিষ্যৎমুখী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক।” মুজিববর্ষ উপলক্ষ্যে ইন্ডিয়ান হাই কমিশনারের এই উদ্যোগের জন্য ইন্ডিয়া সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
“আমরা মনে করি বঙ্গবন্ধুকে সম্মানিত করা যে প্রয়াস তা প্রকৃতপক্ষে বাংলাদেশ ও জনগণকে সম্মান করা। আর এটি পারস্পরিক ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”
বঙ্গবন্ধুর সম্মানে ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক তৈরি বিশেষ সংস্করণের দুটি ঘড়ি উপহার হিসাবে সেতুমন্ত্রীর হাতে তুলে দেন ইন্ডিয়ান হাই কমিশনার।
হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান হাই কমিশনারকে উদ্ধৃত করে বলা হয়েছে, “বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ইন্ডিয়ান জনগণের কাছে বীর। এটাই স্বাভাবিক যে স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ইন্ডিয়ান জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমজনকে যে উষ্ণতা ও ভালবাসা দেখিয়েছিলেন তেমনিভাবে তারা মুজিবর্বষও উদযাপন করতে চান।”

