কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪৫

কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় মাত্র তিন কার্যদিবসে রায় প্রদান করলেন আদালত। রায়ে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান। এত দ্রুত সময়ে রায় দেওয়ার ঘটনা জেলায় এটিই প্রথম। দেড় মাস আগে মামলাটি দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ ও ৪ অক্টোবর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া এলাকায় সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদরাসায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদের। ঘটনার পর ৫ অক্টোবর ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ মাওলানা আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে।

পরের দিন ৬ অক্টোবর আব্দুল কাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মিরপুর থানা পুলিশের এসআই আতিক এই মামলার তদন্ত করে মাত্র সাত দিনের মাথায় গত ১৩ অক্টোবর আদালতে তাকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

এরপর গত ১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ মামলার চার্জ গঠন করেন। ১৩ ও ১৪ নভেম্বর ছুটি ছিল বিধায় ১৫ নভেম্বর বাদীসহ ১৩ জনের সাক্ষ্য নেন আদালত। বিচার কার্য শুরুর মাত্র তিন দিনের মাথায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালতের পিপি আব্দুল হালিম বলেন, ‘মাত্র তিন কার্যদিবসে রায় হওয়ার বিষয়টি দেশে বিরল। দ্রুত এ রায়ের মাধ্যমে নির্যাতিত পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের মাধ্যমে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়ে যাবে। আগামীতে দ্রুততম সময়ের মাধ্যে এ ধরনের রায় হবে বলে আশা করছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading