১০ কিলোমিটার হেঁটে গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ মেয়ের
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৯:১০
নিজের মিড ডে মিলের অধিকার বুঝে নিতে ১০ কিলোমিটার হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ইন্ডিয়ার ওডিশার কেন্দ্রপডায় এ ঘটনা ঘটে। লকডাউনের সময় থেকেই প্রত্যেক মিড ডে মিল প্রাপককে দৈনিক ১৫০ গ্রাম করে চাল দেওয়ার পাশাপাশি প্রত্যেক ছাত্রী ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিন প্রতি ৮ টাকা করে জমা দেওয়া শুরু করে সরকার। কিন্তু নিজের বাবার কারণে সেই সমস্ত সুবিধা ওই ছাত্রী পাচ্ছিল না বলে অভিযোগ।
ছাত্রীর অভিযোগ, তার টাকা চলে যাচ্ছিল বাবার অ্যাটাউন্টে। এমনকি তার নাম করে বাবা স্কুল থেকে চাল সংগ্রহ করত বলেও অভিযোগ ওই ছাত্রীর। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২ বছর আগে ওই ছাত্রীর মায়ের মৃত্যুর পর থেকেই এই ধরনের ঘটনা শুরু করে তার বাবা। গত বছর থেকে বাড়ির বাইরেই রয়েছে ওই ছাত্রী। বর্তমানে এক আত্মীয়ের সঙ্গে থাকে সে। ইতিমধ্যে ওই ছাত্রীর বাবা পুনরায় বিয়েও করেছে বলে জানা গেছে।
ছাত্রীর অভিযোগ পেয়েই পদক্ষে নিয়েছেন জেলার কালেক্টর। মিড ডে মিলের সমস্ত সুবিধা সরাসরি ছাত্রীর অ্যাটাউন্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে ওই ছাত্রীর বাবা এখনও পর্যন্ত যত টাকা ও চাল নিয়েছে তাও যাতে মেয়েকে ফিরিয়ে দেয় সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কালেক্টর।
এর প্রেক্ষিতে ইন্ডিয়ার কেন্দ্রপডার শিক্ষা দফতরের আধিকারিক সঞ্জীব সিং জানিয়েছেন,”কালেক্টরের নির্দেশ অনুযায়ী টাকা ছাত্রীর অ্যাকাউন্টে পাঠানো হবে এবং ছাত্রীর নামে যে টাকা তার বাবা নিয়েছে তাও উদ্ধার করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি ওই ছাত্রীর জন্য বরাদ্দ চাল সরাসরি যাতে তাকেই দেওয়া হয় সেই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ছাত্রীর এই প্রতিবাদী ভূমিকার প্রশংসা করেন শিক্ষামহল।

