ডুয়েট-এর নতুন ভিসি অধ্যাপক মো. হাবিবুর রহমান

ডুয়েট-এর নতুন ভিসি অধ্যাপক মো. হাবিবুর রহমান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৩৩

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ষষ্ঠ উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক মো. হাবিবুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, হাবিবুর রহমান উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ডুয়েট শিক্ষক সমিতি, পরিচালকের (ছাত্রকল্যাণ) দপ্তর, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ অনেকেই। এ সময় উপাচার্য প্রকৌশল এবং প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপাচার্য মো. হাবিবুর রহমান এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি একজন পানিসম্পদ ও পরিবেশ প্রকৌশল বিশেষজ্ঞ। এর আগে তিনি বুয়েটের সহ-উপাচার্য, ঢাকা ওয়াসার চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতিও। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮২ সালে স্নাতক ও ১৯৮৪ সালে পরিবেশ প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের গ্লাসগো (স্কটল্যান্ড) শহরের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত ২০টির বেশি বইয়ের সহলেখক এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে তাঁর ১৬০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ধনি গাগলা গ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মো. নাছির উদ্দিন ব্যাপারী এবং মা মরহুম হাবিজন নেছা। তাঁর এক ছেলে ও এক মেয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading