রাত না পোহাতেই চাঁপাইনবাবগঞ্জের সড়কে ঝরল ৭ প্রাণ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৫৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ভটভটি উল্টে সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার বারিকবাজার এলাকার একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ছাড়া আহত লোকজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ফরিদ হোসেন জানান, বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে ওই ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। তাঁরা ভটভটিতে ধানের ওপর বসেছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার বারিকবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

