তিস্তা চুক্তি নিয়ে কোনো ‘ম্যাজিক’ থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

তিস্তা চুক্তি নিয়ে কোনো ‘ম্যাজিক’ থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫৮

তিস্তা চুক্তি নিয়ে হঠাৎ করে কোনও চমক বা ম্যাজিক থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

এ সময় তিস্তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখানে কোনও ম্যাজিক থাকবে না। হঠাৎ করে এটি সই হবে, এটি আমরা মনে করি না। তবে যেটা হবে, তিস্তাটা মোটামুটি রেডি হয়ে আছে। আপনারা জানেন, এর চুক্তি সম্মত হয়ে আছে। কিন্তু সই হয়নি। ভারত সরকার কখনও বলেনি যে, এটি তারা সই করবে না। তারা যেটা বলছে— তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সই করতে পারছে না। এটি ওই পর্যায়ে আছে। নতুন কোনও অগ্রগতি হয়নি।’

নদী বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি আগামী মাসে ইন্ডিয়া যাবে এবং আলাপ করবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকি সাতটি নদীর বিষয়ে একটি কাঠামো নিয়ে আলোচনা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্ভবত হতে পারে ১৭ ডিসেম্বর। এখনও তারিখ ঠিক হয়নি। আমাদের পররাষ্ট্র সচিব ভারতে যাবেন আগামী মাসে। তখন তারিখ ঠিক হবে।’

চারটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং পররাষ্ট্র সচিবের সফরের সময়ে এটি ঠিক হবে জানিয়ে তিনি বলেন, ‘এটি প্রধানত আমাদের সম্পর্ককে চাঙ্গা করা। ১৬ ডিসেম্বর যেমন আমাদের অর্জন, তেমনই ভারতেরও অর্জন।’ -বাংলা ট্রিবিউন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading