কাতার পৌঁছেছে জাতীয় ফুটবল দল

কাতার পৌঁছেছে জাতীয় ফুটবল দল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৯:১৫

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা দেয় দল। স্থানীয় সময় পৌনে দুইটায় দলের কাতারে নিরাপদে পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিমানবন্দরেই কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দিয়েছেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। দল উঠবে এজদান টাওয়ার হোটেলে। সেখানে নিয়ম অনুযায়ী তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন জামাল-রানারা। এই তিন দিনে হোটেলের জিমনেশিয়াম ও সুইমিংপুল খেলোয়াড়রা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বাফুফে।

বুধবার ঘোষিত ২৭ জনের প্রাথমিক দল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক এবং হাঁটুর চোটের কারণে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন শেষ মুহূর্তে কাতারে যেতে পারেননি।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading