গাঁজাসহ গ্রেপ্তার কৌতুক অভিনেত্রী ভারতী সিং
উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:২২
মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্যরা বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিংকে গ্রেপ্তার করেছেন।
শনিবার (২২ নভেম্বর) বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় এই কৌতুক অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’, ‘এনডিটিভি’ খবরটি নিশ্চিত করেছে।
মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে দীর্ঘ সময় ধরে ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জেরা করেন গোয়েন্দারা। দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। তাঁদের বাড়ি থেকে ৮৬ দশমিক ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি দল। তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর আঞ্চলিক অফিসে নিয়ে যাওয়া হয়।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে একের পর এক তারকার মাদক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। সেই যোগসূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে তালিকায় নতুন সংযোজন ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া।

