শত ব্যস্ততার মাঝে এক টুকরো অবসরে
উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৩
বাংলাদেশ সরকারের প্রধান তিনি। ১৭ কোটি মানুষের এ দেশের সরকার পরিচালনার গুরুদায়িত্ব তার কাঁধেই। এই দায়িত্ব পালনে তাকে শত ব্যস্ততায় ডুবে থাকতে হয়। এর ফাঁকেই এক টুকরো অবসর খুঁজে বের করেন তিনি। সেই অবসরে তিনি হয়ে ওঠেন একেবারে সাধারণ বাঙালি নারী। এই সাধারণ অবসরযাপনই তাকে করে তোলে অসাধারণ।
প্রধানমন্ত্রীর অবসর সময়ের দুটি ছবি শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। যার একটিতে প্রধানমন্ত্রীকে মাছ শিকারের পর বড়শি হাতে এবং অন্যটিতে সেলাইমেশিনে কাপড় সেলাই করতে দেখা যায়।

ওই ছবি দুটো নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথায় হ্যাট পরে গণভবনের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরে পারে ধরছেন এবং আরেকটিতে সেলাই মেশিনে পোশাক সেলাই করছেন এমন দৃশ্যের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে মন্তব্য করতে দেখা গেছে।
ছবির ক্যাপশনে সালমান এফ রহমান লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি তার অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।’

ছবি দুটি নিজ ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল লিখেছেন, ‘সাধারণে অসাধারণ, সত্যি তিনিই আমাদের মানবতার মা।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর ছবিটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নাই!’ -ইউএনবি

