করোনাভাইরাসে এক দিনেই দেশে ৩৮ মৃত্যু
উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৪
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০ জন বেশি।
রবিবার (২২ নভেম্বর) বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে আরও ২ হাজার ৬০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ২৬ অক্টোবর ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।

