চলে গেলেন তারকা ফুটবলার বাদল রায়
উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:০৫
আশির দশকের মাঠ মাতানো জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সদ্য বিদায়ী সহ-সভাপতি বাদল রায় (৬০) রবিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মারা গেছেন।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এই তারকা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন তিনি।
গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন বাদল রায়। পরে ১১ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে পরীক্ষা-নীরিক্ষা শেষে তার লিভারে ক্যান্সার ধরা পড়ে।
১৯৫৭ সালের ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার দাউদকান্দি উপজেলায় জন্মগ্রহণ করেন বাদল রায়। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

