একদিন আমরা স্বর্গে একসঙ্গে ফুটবল খেলবো: পেলে
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:১৯
সর্বকালের সেরা খেলোয়াড় কে- পেলে নাকি ম্যারাডোনা, এই বিতর্কের উপসংহারে আসা কঠিন। শ্রেষ্ঠত্বের প্রশ্নে একজন অন্যজন থেকে বিন্দুমাত্র পিছিয়ে নেই। তাদের টক-মিষ্টি গভীর বন্ধুত্বের রসায়ন আর দেখা যাবে না।
বুধবার (২৫ নভেম্বর) ফুটবলের মায়া কাটিয়ে তিগ্রে-তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যু ভীষণভাবে আঘাত করেছে পেলেকে।
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন। মাত্র ৬০ বছর বয়সে কোটি ফুটবলভক্তকে কাঁদিয়ে অন্যপারের চলে গেলেন বাঁ পায়ে অসংখ্য মুহূর্তের জন্ম দেওয়া ফুটবল ঈশ্বর।
পেলেকেও ছুঁয়ে গেছে তার মৃত্যু। ব্রাজিলের জার্সিতে তিনবার বিশ্বকাপ জেতা ‘ফুটবলের রাজা’ টুইটে শোক প্রকাশ করেছেন। পেলের টুইট, ‘কী খারাপ সংবাদ! ফুটবল হারালো একজন কিংবদন্তিকে, আর আমি হারালাম একজন বন্ধুকে। অনেক কিছুই বলার আছে, আপাতত সমবেদনা তার পরিবারের সদস্যদের।’
২০ বছরের ছোট ম্যারাডোনা আগেই ছেড়ে গেলেন পৃথিবী। দুইজন দুই প্রজন্মের হওয়ার মাঠের লড়াইয়ে দেখা হয়নি তাদের। তবে স্বর্গে গিয়ে ঠিকই ম্যারাডোনার সঙ্গে খেলতে চান পেলে, ‘আর আশা করছি, একদিন আমরা স্বর্গে একসঙ্গে ফুটবল খেলবো।’
গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাঁকে পুনর্বাসনের জন্য তাঁকে নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

