করোনায় দেশে আরও ৩৭ মৃত্যু, নতুন শনাক্ত ২২৯২
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১০
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জনে।
এছাড়া, নতুন করে ২ হাজার ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৮ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৪৯৪টি এবং আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৭ লাখ ১৩ হাজার ২০২টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬ দশমিক ৮২ শতাংশ।
নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৭ জন বা ৭৬ দশমিক ৭৫ শতাংশ এবং নারী ১ হাজার ৫১৭ জন বা ২৩ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ৩৮ শতাংশ।

