গণতন্ত্র-স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি চীন: আমেরিকা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২৭
শুক্রবার (৪ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয় আমেরিকার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্র ও স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি চীন।
আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জন র্যাটক্লিফ চীন নিয়ে এই মন্তব্য করেছেন বলে জানায় বিবিসি।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’ পত্রিকায় ৩ নভেম্বর ‘চীন জাতীয় নিরাপত্তার ১ নম্বর হুমকি’নামে একটি নিবন্ধ লিখেছেন র্যাটক্লিফ।
র্যাটক্লিফ বলেন, ‘বিশ্ব পুনর্নির্মাণ ও আধিপত্য বিস্তারে বেইজিংয়ের প্রচেষ্টা প্রতিহত করাটা আমাদের প্রজন্মের জন্য চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদের প্রস্তুতি নিচ্ছে চীন। তারা রাশিয়ার জায়গা নিয়ে নিয়েছে।
মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক বলেন, তারা এ ব্যাপারে পরিষ্কার যে, বেইজিং অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে, বাকি বিশ্বকে কর্তৃত্ব করতে চায়।
র্যাটক্লিফ বলেন, আমেরিকার গোপনীয় বিষয়গুলো চুরি করে চীন তার শক্তি বৃদ্ধি করছে। পরে তারা বাজারে আমেরিকার জায়গা দখল করছে।
র্যাটক্লিফের বক্তব্যের বিষয়ে চীন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক সবচেয়ে বাজে পর্যায়ে পৌঁছেছে। বাণিজ্যসহ নানা বিষয়ে বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

