টিউমার ভেবে অস্ত্রোপচার, বের হলো ‘সেদ্ধ ডিম!’

টিউমার ভেবে অস্ত্রোপচার, বের হলো ‘সেদ্ধ ডিম!’

উত্তরদক্ষিণ | বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫৫

টিউমার ভেবে অস্ত্রোপচারের পর হতবাক হয়ে গেলেন চিকিৎসকরা। রোগীর পেট থেকে বের হলো আস্ত একটি ‘সেদ্ধ ডিম!’ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ইন্ডিয়ার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমনটাই ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকা’র।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার ধারণ করেছে। ইন্ডিয়ায় এমন ধরনের ঘটনা বিরল বলে জানিয়েছেন তারা। চিকিৎসকদের পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাইস’।

সূত্রে জানা গেছে, মাস কয়েক ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালা জ্বালা ভাবও ছিল তার। তবে কিছুতেই সেই ব্যথা না কমায় গত বৃহস্পতিবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে সংক্রমণের জন্য ওই ব্যক্তির তলপেটে ব্যথা হতে পারে। পরে রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে। সিটি স্ক্যানও করানো হয় তার। সেই রিপোর্টে মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালীতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

অবশেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর হতবাক হয়ে যান চিকিৎসকরা। রোগীর তলপেট থেকে বের হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সেদ্ধ ডিম’।

চিকিৎসকেরা বলছেন, দেহতন্তুর সঙ্গে চর্বি-ক্যালসিয়াম জমাট বেঁধে ডিমের মতো আকার ধারণ করে। ডিমের মতো অংশটির পেছন দিকটা ইঁদুরের মতো হওয়ায় বাংলায় একে ‘পেটের মধ্যে ইঁদুর’ও বলা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎকসকরা। সাধারণত, পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স গলে বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসে এ ধরনের ডিমের মতো আকার নেয়। অন্যদিকে, নারীদের ক্ষেত্রে জরায়ুর গা থেকে ছোট টিউমার খসে এ ধরনের টিউমার তৈরি হতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading