জ্বালানি সমস্যা: সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত 

জ্বালানি সমস্যা: সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত 

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:০০

দেশের চলমান জ্বালানি সংকটের সমস্যার সমাধানের সুপারিশ করতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। তবে কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানালেও তারা সময় নিয়েছেন।   

বৃহস্পতিবার সংসদের বৈঠকে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আগের দিন গতকাল বুধবার সংসদের বৈঠকে জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই কমিটি গঠনের দুই পক্ষই একমত পোষণ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই আলোচনা করে একমত যে, এটি একটি বৈশ্বিক সমস্যা, সারা বিশ্বেই এই সমস্যার তাপ ছড়িয়ে পড়েছে। বিরোধী দলীয় নেতাও জানিয়েছেন, তাদের কাছে কিছু পরামর্শ আছে, সরকারি দল এবং বিরোধী দল এক সঙ্গে সেই বিষয়গুলি নিয়ে কাজ করার কথা বলেছেন। 

বিএনপি প্রধান তারেক রহমান বলেন, বিএনপি সবসময় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যেকোনো আলোচনা, যে কারও সঙ্গে করতে প্রস্তুত রয়েছে। সে প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

বিরোধীদলীয় নেতাকেও পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর ওপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে এবং সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হবে। 

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অন্য চার সদস্যে হলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। 

পরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বিরোধী দলের পক্ষ থেকে দ্রুতই নাম দেওয়া হবে বলে জানান তিনি। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাল্লাহ এবং এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading