করোনায় আক্রান্ত সিংহ!
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৯
করোনায় আক্রান্ত হয়েছে স্পেনের বার্সেলোনার চিড়িয়াখানার চারটি সিংহ। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।
সিংহগুলো দেখভালের দায়িত্বে থাকা দুই চিড়িয়াখানা কর্মীও করোনায় আক্রান্ত। তাদের কাছ থেকেই করোনা ভাইরাস সিংহগুলোকে আক্রমণ করেছে বলে মনে করা হচ্ছে।
করোনায় আক্রান্ত চার সিংহের নাম হলো জালা, নিমা, রান রান ও কিউম্বে। প্রত্যেকেরই দেহে করোনার সামান্য লক্ষণ আছে।
এরআগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল। তারা সুস্থ হয়ে গেছে।
বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউ ইয়র্কের চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করে। করোনায় আক্রান্ত বাঘগুলোকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, তা তারা জানতে চান। সেখানে চারটি বাঘ এপ্রিলে করোনায় আক্রান্ত হয় এবং ১৫ দিন পরে সেরে যায়।
বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউ ইয়র্কের চিড়িয়াখানায় বাঘেদের করোনা চিকিৎসার পুরো নথি-পত্র আছে। তাই তাদের সঙ্গেই যোগাযোগ করা হয়।
তাদের চিড়িয়াখানার আক্রান্ত সিংহগুলো অন্য কোনও পশুর কাছাকাছি আসেনি। তাই তাদের কাছ থেকে করোনা অন্য পশুর মধ্যে ছড়ায়নি ও ছড়াবে না।
চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানিয়েছেন, এই সিংহগুলো থেকে কোনও দর্শনার্থীরও করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। কারণ, এগুলোকে দর্শনার্থীরা দূর থেকেই দেখেন।

