করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:১৩

দেশের ঐতিহ্যবাহী ও বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার প্রধান সেলিম খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

খবরটি নিশ্চিত করেছেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু।

সেলিম খান করোনা পজিটিভ হন গত ৪ ডিসেম্বর। এরপর তাকে রাজধানীর ইমপালস হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় ৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে সেলিম ভাইদের অবদান সিংহভাগ। তার মতো মানুষদের মেধা, অর্থ, শ্রমের বিনিময়ে আজকের এই বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে। তার এই অকালে চলে যাওয়া আমাদের অনেক ক্ষতির কারণ হলো। দোয়া করি, সেলিম ভাই যেখানেই থাকুক, ভালো থাকুন।’

৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী তথা বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা অব্যাহত রেখেছে।

ধারণা করা হয়, এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় সংগীত ক্যাটালগ রয়েছে সংগীতা তথা সেলিম খানের ব্যানারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading