রাজাকারদেরকে আমরা মোকাবিলা করতে জানি: জয়

রাজাকারদেরকে আমরা মোকাবিলা করতে জানি: জয়

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:১২

স্বাধীনতা বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমরা সেটা হতে দেব না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার বিরোধীদের কীভাবে মোকাবিলা করতে হয় তা আমরা জানি।’

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ সরকারের নেয়া ডিজিটাল বাংলাদেশের কর্মসূচির এগিয়ে যাওয়ার ১২ বছর শীর্ষক এক ওয়েবিনারে শনিবার (১২ ডিসেম্বর) দেয়া বক্তব্যে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির নানা দিক তুলে ধরার পর একথা বলেন সজীব ওয়াজেদ।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটি আধুনিক উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করছি। তবে এখানে দুঃখের বিষয় একটি সতর্কতায় আমি শেষ করতে চাই, সেটা হল যে, একটা শ্রেণি আছে আমাদের দেশে তারা ইতোমধ্যে খুব মাথা উঁচু করেছে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে।’

জয় বলেন, স্বাধীনতার বিরোধী শক্তিরা হুমকি দিচ্ছে বাংলাদেশকে তারা আফগানিস্তান বানিয়ে দেবে।

আমরা কি চাই তা আবার হোক? আমাদের দেশ আবার সেই একটি মান্ধ্যাতার আমলের দেশ হয়ে যাবে? এমন প্রশ্ন রেখে তার উত্তরে তিনি বলেন, সেটা আমরা হতে দেব না।

মৌলবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার যতদিন আছে আমরা সেটা হতে দেব না।

তরুণ-তরুণীদের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘আমি বলতে চাই, এই মৌলবাদী শক্তিকে আমাদের মুছে ফেলতে হবে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারা সাহস করেছে জাতির পিতার ভাস্কর্য ভাঙার। জাতির জনকের ওপর হামলা করাটা কী?’

‘এটা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনার ওপর হামলা। আমাদের স্বাধীনতার চেতনার ওপর হামলা কারা করেছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে। তাদেরকে আমরা কী ডাকি? তাদেরকে আমরা রাজাকার ডাকি। একাত্তরে ছিল জামায়াত আর এখন হেফাজত সেই নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে’, বলেন তিনি।

জয় বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছি, বাংলাদেশকে আধুনিক করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল করছি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে। রাজাকারদেরকে মোকাবিলা আমরা করতে জানি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading