দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে বিজেপির হামলা
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:১৫
ইন্ডিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বাসভবনের জিনিসপত্র ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। রবিবার ( ১৩ ডিসেম্বর) এই হামলা হয় বলে অভিযোগ করেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।
ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভিটির খবরে বলা হয়েছে, দিল্লির পৌর সংস্থাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার দাবিতে গত সোমবার (৭ ডিসেম্বর) থেকে দিল্লি সরকারের মন্ত্রীদের বাসভবনের সামনে বিক্ষোভ করে আসছেন বিজেপির নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এমন একটি বিক্ষোভ থেকে উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়ার বাড়িতে হামলা চালানো হয়।
বিজেপির নেতা ও নর্থ দিল্লি করপোরেশনের মেয়র জয় প্রকাশ বলেন, ‘আমরা সাত দিন ধরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান করছি। কিন্তু আমাদের সঙ্গে একবার কথা পর্যন্ত বলেননি মুখ্যমন্ত্রী। রবিবার ( ১৩ ডিসেম্বর) যখন নারী কাউন্সিলররা বাসভবনের বাইরে ঘুমাচ্ছিলেন, তখন মুখ্যমন্ত্রীর কার্যালয়ের লোকজন ক্যামেরা স্থাপন শুরু করেন। গোপনীয়তার বিষয়টি উপেক্ষা করেই তাঁরা এটা করছিলেন। ফলে ওই নারী কাউন্সিলররা এর বিরোধিতা করেন।’

