পরিবারের সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ডাচ তারকা
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০১
ডাচ্ উইঙ্গার কুইন্সি প্রমেস শনিবার (১১ডিসেম্বর) পিইসি জুলের বিপক্ষে গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন, প্রমেসের আয়াক্স ঐ ম্যাচ জিতে ৪-০ গোলে। সেই ম্যাচের পরে সতীর্থদের সঙ্গে আনন্দ করার সময় এলো দুঃসংবাদ।
ডাচ্ পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রমেসকে। কারণ হিসেবে পত্রিকাটি জানায়, কয়েক মাস আগে প্রমেস নাকি তার পরিবারের এক সদস্যকে ছুরিকাঘাত করেছেন!
বেশ ভালোই আহত হন সেই সদস্য। ওদিকে রবিবার (১২ ডিসেম্বর) সকালেও প্রমেসকে অনুশীলনে দেখা যায়নি। টেলিগ্রাফ জানিয়েছে, আমস্টারডামের আবকুদে অঞ্চলে নিজ বাড়িতে এক অনুষ্ঠানে সেই পারিবারিক সদস্যের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রমেস।
পরিস্থিতি উত্তপ্ত হতে হতে এমন অবস্থা হয় যে শেষমেশ সেই সদস্যকে ছুরি মেরে বসেন এই ডাচ্ উইঙ্গার। পরিবারের অন্য সদস্যরা উন্মত্ত প্রমেসকে না থামালে হয়তো খুনোখুনিই হয়ে যেত সেদিন!
এক মাস আগে ঘটনাটা ডাচ্ পুলিশের কানে আসে। তখন থেকে তারা প্রমেসের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করছিল।
পুলিশের মুখপাত্র ইয়েলমের গির্দস বলেছেন, ‘এক মাস আগে ব্যাপারটা সম্পর্কে জানতে পারি আমরা। এরপর থেকেই আমরা ঘটনাটার পক্ষে-বিপক্ষে প্রমাণাদি জোগাড় করা শুরু করি। শেষমেশ পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রমেসকে গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে প্রমেসের আইনজীবী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আয়াক্স ফরোয়ার্ডকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘যে ঘটনাটার ব্যাপারে কথা হচ্ছে, সে সময় প্রমেস ওই জায়গায় ছিলই না। প্রমেস এ ব্যাপারে পুলিশকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।’
প্রতিভাবান এই উইঙ্গার ডাচ্ ক্লাব এফসি টোয়েন্টেতে আলো ছড়িয়ে যোগ দেন রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোয়। এরপর স্প্যানিশ লিগের ক্লাব সেভিয়া ঘুরে নিজ দেশের ক্লাব আয়াক্সে ফেরত আসেন গত বছর। এ পর্যন্ত আয়াক্সের হয়ে ২৮ লিগ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন এই উইঙ্গার।

