সিআইপি স্বীকৃতি পেলেন ৩৮ প্রবাসী
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০১
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৮জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, প্রতি বছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। ক্যাটাগরিগুলো হলো- ক) বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, খ) বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি এবং গ) বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।
সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে- একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাত জনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের সম্মাননা ও সিআইপি কার্ড দেওয়া হবে।
মন্ত্রণালয় আরও জানায়, নির্বাচিতরা (এনআরবি) সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

