সাংবাদিক গ্রেফতারকে ‘অভ্যন্তরীণ বিষয়’ আখ্যা দিল চীন
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২২:১০
জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগে ব্লুমবার্গ নিউজ নেটওয়ার্কে কর্মরত সাংবাদিক হাজে ফ্যানকে গ্রেফতার করাকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়েছে চীন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিগত বেশ কিছু দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কিছু সাংবাদিককে গ্রেফতার বা দেশ থেকে বের করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। সর্বশেষ গত সপ্তাহে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগে চীনা নাগরিক হাজে ফানকে আটক করা হয়। এরপরই রিপোর্টিংয়ের কারণে আটক সব সাংবাদিককে মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
চীনের ফরেন কোরেসপন্ডেন্ট ক্লাবও ইইউর সাথে সংহতি প্রকাশ করে জানায়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো চীনা কর্মীদের ওপর নির্ভর করে।
এর আগে শনিবার ইইউ’র এক বিবৃতিতে বলা হয়, ইইউ আশা করছে প্রয়োজন পড়লে চীনা কর্তৃপক্ষ হাজে ফ্যানকে মেডিক্যাল সহায়তা, নিজের পছন্দ অনুযায়ী আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেবে।
ইউরোপীয় ইউনিয়নের ওই বিবৃতির পর রবিবার প্রতিক্রিয়া জানায় ইইউ’র চীনা দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাসের তরফে বলা হয়, হাজে ফ্যান চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অপরাধী কর্মকাণ্ডে জড়িত হিসেবে সন্দেহভাজন। আইন অনুযায়ী সম্প্রতি তার বিরুদ্ধে বাধ্যতামূলক পদক্ষেপ নিয়েছে বেইজিংয়ের স্টেট সিকিউরিটি ব্যুরো।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নিজের সম্পাদকের সঙ্গে যোগাযোগের কিছুক্ষণের মধ্যে তাকে নিজের বাসভবন থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা। হাজে ফ্যান ২০১৭ সালে ব্লুমবার্গে যোগ দেওয়ার আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ছাড়াও সিএনবিসি, আল জাজিরা এবং সিবিএস নিউজের মতো প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন।

