পেলে-ম্যারাডোনার দলে মেসি-রোনালদো

পেলে-ম্যারাডোনার দলে মেসি-রোনালদো

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৫

পেলে ও দিয়েগো ম্যারাডোনা সঙ্গে একাদশে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। আছেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো।

নিজেদের ওয়েবসাইটে সোমবার (১৪ ডিসেম্বর) ব্যালন ডি’অর স্বপ্নের একাদশ প্রকাশ করে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। ১৪০ জন সাংবাদিকের প্যানেল নির্বাচন করেছেন সেরাদের। যে কোনো দলকে গুঁড়িয়ে দেওয়ার মতো স্বপ্নের দল বেছে নিয়েছে ফরাসি এই সাময়িকী।

স্বপ্নের দলের বাকি নায়কেরা হলেন-লেভ ইয়াশিন, কাফু, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, চাভি এরনান্দেস ও লোথার মাথেউস।

৩-৪-৩ ফর্মেশনের একাদশে গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াশিন। ১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হয়ে কিংবদন্তি এই গোলরক্ষক খেলেন ৭৪ ম্যাচ। এখন পর্যন্ত ব্যালন ডি’অর জয়ী একমাত্র গোলরক্ষক তিনিই।

রক্ষণভাগের তিন সেনানী হিসেবে আছেন জার্মানির বেকেনবাওয়ার, ব্রাজিলের কাফু ও ইতালির মালদিনি।


‘কাইজার’ ডাক নামের সেন্ট্রাল ডিফেন্ডার দুবারের ব্যালন ডি’অর জয়ী বেকেনবাওয়ারের দুই পাশে এসি মিলানের এক সময়ের রক্ষণের দুই স্তম্ভ কাফু ও মালদিনি। ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা কাফু রাইট-ব্যাক, লেফট-ব্যাক মালদিনি

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা চাভি ইউরোপিয়ান চাম্পিয়নশিপ জিতেছেন দুবার। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন অসংখ্য শিরোপা। জার্মানির বিশ্বকাপজয়ী মাথেউস একবার জিতেছেন ব্যালন ডি’অর।


অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন ফুটবলের দুই মহানায়ক; ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে, পাশে কদিন আগে চিরবিদায় নেওয়া আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা।

ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি ডান দিকের ফরোয়ার্ড। বাম দিকের ফরোয়ার্ড পাঁচবারের বর্ষসেরা রোনালদো। তাদের সামনে ‘দা ফেনোমেনন’ রোনালদো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই তারকা দলের মূল স্ট্রাইকার। দুবার বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো ব্যালন ডি’অরও জিতেছেন দুবার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading