তেল ট্যাঙ্কারে বোমা হামলা হয়েছে: সৌদি আরব

তেল ট্যাঙ্কারে বোমা হামলা হয়েছে: সৌদি আরব

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০১

সৌদি আরব জানিয়েছে, সোমবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে জেদ্দা বন্দরে নোঙর করে থাকা একটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরক নৌকাযোগে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু জাহাজটির পোর্ট সাইডের (বাম পাশের) একটি ওয়াটার ব্যালাস্ট ট্যাঙ্ক ও একটি কার্গো ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেদ্দা বন্দরের জ্বালানি টার্মিনালে হামলার এ ঘটনায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিভিয়ে ফেলা হয় বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে সিঙ্গাপুরের পতাকাবাহী ট্যাঙ্কার বি ডাব্লিউ রাইনের মালিক পক্ষ জানিয়েছিল, ‘বাহ্যিক একটি উৎস থেকে’ ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়েছে, এতে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলার জন্য কারা দায়ী বলে সন্দেহ করছে তারা, সে বিষয়ে সৌদি জ্বালানি মন্ত্রণালয় কিছু বলেনি।

কিন্তু কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ও মাল্টার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে কথিত হামলার জন্য সৌদি কর্তৃপক্ষ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছিল বলে জানিয়েছে বিবিসি।

ট্যাঙ্কার কোম্পানি হাফনিয়া এক বিবৃতিতে জানায়, বি ডাব্লিউ রাইন স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে জেদ্দা বন্দরে তেল খালাস করার সময় বাহ্যিক একটি উৎস থেকে আঘাত প্রাপ্ত হয়, এতে বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন ধরে যায়।

বেশ কয়েকটি টাগ বোট ও তীরে থাকা দমকল বাহিনীর সহায়তায় ট্যাঙ্কারের ক্রুরা আগুন নিভিয়ে ফেলে বলে জানিয়েছে কোম্পানিটি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, জেদ্দায় একটি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, নিশ্চিত করা যায়নি এমন প্রতিবেদনগুলোতে এ ঘটনায় দ্বিতীয় আরেকটি জাহাজের জড়িত থাকার কথাও বলা হয়েছে।

এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading