পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২১
টানা ৪ কর্মদিবস উত্থানের পর মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে মঙ্গলবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭ কোটি ২৯ লাখ টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার।
মঙ্গলবার এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।
এদিন ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে এদিন মোট ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

