দেশকে ৫০ বছর পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে পরাজিত শক্তির দোসররা: প্রধানমন্ত্রী

দেশকে ৫০ বছর পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে পরাজিত শক্তির দোসররা: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৪৬

১৯৭১’র পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মনগড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরাজিত শক্তির দোসররা দেশকে আবারও ৫০ বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শুধু একজন খাঁটি মুসলমানই ছিলেন না, তিনি ধর্মীয় আচারাদি নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতেন। তিনি যখন সংবিধান রচনা করেন, তখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র— এই চারটি মৌলিক বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেন।

ইসলামের জন্য আ. লীগের চেয়ে কেউ বেশি করেনি বলে জানিয়ে সরকার প্রধান বলেন, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বঙ্গবন্ধু ইসলাম ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং প্রসারে যা করেছেন, ইসলামের নামে মুখোশধারী সরকারগুলো তা কখনও করেনি। আমরা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। ৮০টি মডেল মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি এবং দাওয়ারে হাদিস পর্যায়কে মাস্টার্সের মান দেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছি।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, করোনাভাইরাসের মহামারির কারণে আমাদের দৈনন্দিন কার্যপ্রণালীতে পরিবর্তন আনতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে, জনসমাগম এড়িয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় কাজকর্ম সম্পন্ন করতে হচ্ছে। প্রতিটি মানুষের জীবনই মহা মূল্যবান। কোনও অবহেলায় একজন মানুষেরও মৃত্যু কাম্য নয়।

করোনার কারণে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা কিছুটা পরিবর্তন আনতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর আমাদের স্বাধীনতার ৫০ বছরপূর্তি। করেনাভাইরাসের এই মহামারি না থাকলে আমরা যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করবো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading