ইবিতে শ্রদ্ধাঞ্জলিস্থলে কর্মকর্তাদের সংঘর্ষ

ইবিতে শ্রদ্ধাঞ্জলিস্থলে কর্মকর্তাদের সংঘর্ষ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ে(ইবি) কর্মকর্তদের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়েছেন। সংঘর্ষে লিপ্ত থাকাদের নিবৃত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এছাড়া শ্রদ্ধাঞ্জলির পুষ্পমাল্য ভেঙে পায়ে মাড়ানোরও অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এরপর দুপুরে ক্যাম্পাসস্থ মুক্ত বাংলা চত্ত্বরে অভিযুক্তরা ঘটনার পরপরই নিজেদের ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় শ্রদ্ধাঞ্জলি অর্পণ নিয়ে কর্মকর্তাদের দুটি পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তা মারামারিতে রূপ নেয়। এসময় তাদের হাতে বাঁশ ও লাঠি দেখা যায়। কর্মকর্তা সমিতির সদস্যরা একপর্যায়ে কর্মকর্তা এসোসিয়েশনের সদস্যের ধাওয়া করে প্রধান ফটক পার করে দিয়ে আসেন। এসময় ছবি তুলতে গেলে কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের কাজে বাঁধা দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, আমার ২২ বছরের শিক্ষকতা জীবনে কখনো এমন ঘটনার সৃষ্টি হয়নি। এ ঘটনাটি খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমি প্রশাসনের একজন ব্যক্তি হয়েও নিবেদন করব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, আজ মহান বিজয় দিবসকে সামনে রেখে পুষ্পমাল্য প্রদানকালে একদল লোক অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেছে। এ ধরনের পরিবেশ সৃষ্টিকারীদের আচরণ অনভিপ্রেত এবং শহীদদের প্রতি অবমাননার শামিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading