বিজয় দিবসে ‘ট্যাকটিক্যাল বেল্ট’ পরে মাঠে পুলিশ
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২০
কাঁধে-হাতে ভারী বন্দুক বহনের বদলে ট্যাকটিক্যাল বেল্ট পরে বিজয় দিবসের দায়িত্ব পালনে মাঠে নেমেছেন পুলিশ সদস্যরা। কোমরের বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার রয়েছে উরুতে বাঁধা; তাতে রয়েছে ছোট আগ্নেয়াস্ত্র, হ্যান্ড কাফ, ওয়ারলেস, পানির বোতলও রয়েছে বেল্টে।
বুধবার (১৬ ডিসেম্বর) শাহবাগ ও রমনা এলাকায় ঘুরে ট্যাকটিক্যাল বেল্ট পরা অবস্থায় পুলিশ সদস্যদের কর্তব্য পালন করতে দেখা যায়। মৎস্য ভবনের সামনে কর্তব্যরত এএসআই নাজমুল ওই বেল্ট পরে রয়েছে, সঙ্গে আরও তিন পুলিশ সদস্য। সবার পরণে ট্যাকটিক্যাল বেল্ট।
নাজমুল বলেন, এখন হাতমুক্ত, এতে স্বস্তিবোধ করছি। লম্বা অস্ত্র বহনের ঝামেলা নেই।
রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ট্যাকটিক্যাল বেল্ট অ্যান্ড অ্যাকসেসরিজের মধ্যে রয়েছে থাই হোলেস্টার উইথ আর্মস, এক্সপান্ডেবল ব্যাটন, হ্যান্ড কাফ, ওয়ারলেস, টর্চ লাইট, ওয়াটার বটল, মাইক্রোফোন। তার বিভাগের ১২২ জন পুলিশ সদস্য এই বেল্ট পরে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, দুটি আগ্নেয়াস্ত্র রাখার স্থান রয়েছে। একটিতে পিস্তল রাখা হবে এবং আরেকটিতে এসএমজি রাখা হবে। তবে বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন তারা একটি আগ্নেয়াস্ত্র বহন করছেন।
গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, তার বিভাগের ১৪৬ জন পুলিশ সদস্য এই বেল্ট পরে দায়িত্ব পালন করছেন।
ঢাকা মহানগর থেকে জানানো হয়, এই বেল্ট পরে সার্জেন্টরাও ডিউটি করছেন। ঢাকা মহানগর পুলিশের ১৩৫ জন এসআই, ১৭১ জন এএসআই ও ৬৭ জন পুলিশ সদস্য এই বেল্ট পরে কাজ করছেন।
এর আগে গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জানিয়েছেন, প্রথমে ঢাকা মহানগর পুলিশের সাত হাজার ও চট্টগ্রাম মহানগর পুলিশের তিন হাজার পুলিশ সদস্যকে এই বেল্ট দেওয়া হবে। মাঠ পর্যায়ে কাজ করার সময় পুলিশ সদস্যদের হাত খালি রাখতে উন্নত বিশ্বের আদলে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানান আইজিপি।

