জেঁকে বসেছে শীত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪০
উত্তরাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে পৌষের শুরুতে শীত জেঁকে বসেছে। মৃদু শৈত্যপ্রবাহের আভাসও রয়েছে এ অঞ্চলে।
বৃহস্পতিবার (পৌষের ২ তারিখ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজারহাটে ১০.৭ ডিগ্রি সেলসিয়াসসহ রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এসময় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৮ নভেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, শীত জেঁকে বসছে এখন। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তরে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা চলতে পারে কয়েকদিন। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে দু’তিনদিন পর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
প্রসঙ্গত, বড় এলাকাজুড়ে তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে আবহাওয়াবিদরা তাকে বলেন মৃদু শৈত্যপ্রবাহ; থার্মোমিটারের পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি ও সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

