বিতর্কের মুখে অর্থমন্ত্রীর চিঠির কার্যকারিতা স্থগিত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:১৮
পুঁজিবাজারে নির্মাণ খাতের কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ দিতে নিয়ম শিথিলের সুপারিশ করে তিন মাস আগে অর্থমন্ত্রীর স্বাক্ষরে পাঠানো একটি চিঠির কার্যকারিতা বিতর্কের মুখে স্থগিত করা হয়েছে। ওই চিঠিকে অবলম্বন করেই নিয়ম এড়িয়ে সরাসরি তালিকাভুক্তির (ডিরেক্ট লিস্টিং) মাধ্যমে পুঁজিবাজারে এসে ২৮৩ কোটি টাকা তোলার আবেদন করেছিল ঢাকার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের পরিচালনাকারী কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ সভায় তাদের ওই আবেদন নিয়ে আলোচনা হওয়ারও কথা থাকলেও সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে বিধিনিষেধ এবং বেস্ট হোল্ডিংসের যোগ্যতা নিয়ে কয়েকটি আইনি প্রশ্ন তুলে সেসব বিষয়ে ব্যাখ্যা চায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পাশাপাশি এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বেস্ট হোল্ডিংসের তালিকাভুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়ে ডিএসইতে চিঠি দেন বিএসইসির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের দপ্তর থেকে চিঠি পাঠিয়ে ৮ সেপ্টেম্বরের সেই সুপারিশের চিঠির কার্যকারিতা স্থগিত রাখতে বলা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে ওই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর একান্ত সচিব ফেরদৌস আলম।
চিঠিতে বিষয়ের জায়গায় লেখা হয়েছে- ‘অবকাঠামোগত প্রকল্প অর্থায়নে সরকারি ও বেসরকারি তফসিলী ব্যাংকের গৃহীত ইক্যুইটি এক্সপোজারে তারল্য সৃষ্টি এবং ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে প্রকল্প সংশ্লিষ্ঠ কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্তি’ প্রসঙ্গে।
আর নতুন নির্দেশনায় বলা হয়েছে, “মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বিগত ০৮/০৯/২০২০ তারিখে এ সংক্রান্তে প্রেরিত পত্রের বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রম গ্রহণ না করার অনুরোধ করা হলে।”

