রিজভীর চিঠিতে অপমানিত হাফিজ উদ্দিন
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিরের স্বাক্ষরে প্রটোকল ও সৌজন্যের ব্যত্যয় ঘটিয়ে অসত্য অভিযোগ সংবলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে অপমানিত বোধ করেছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার বনানীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির এ নেতা।
বিএনপি নেতা আরও জানান, কারণ দর্শানোর নোটিশে তিনি ক্ষুব্ধ হলেও নেতা-কর্মীদের অনুরোধে আপাতত দল থেকে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দর্শানোর নোটিশের জবাবগুলো দলের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করারও দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমি একজন যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সংবলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে হতবাক হয়েছি। আমার বিনীত অনুরোধ স্থায়ী কমিটির সদস্যদের কাছে আমার বক্তব্য উপস্থাপন করা হোক। নোটিশের জবাবে যদি আমি দোষী সাব্যস্ত হই তবে দলীয় নেতৃত্বকে শ্রদ্ধা করে আমি যে কোনো শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি। তাছাড়া আমার নামের বানানসহ অনেক ভুলই রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দৃশ্যমান রয়েছে।
হাফিজ বলেন, ‘রুহুল কবির রিজভী একজন নম্র, নিবেদিতপ্রাণ ও আন্তরিক নেতা এবং তার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি তার কাছ থেকে এ জাতীয় চিঠি আশা করিনি।’\
এর আগে, ১৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি হাফিজের কাছে রিজভী স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এরপর শনিবার হাফিজ তার পাঁচ পৃষ্ঠার কারণ দর্শানোর নোটিশের জবাব বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন।

