ম্যারাডোনার শেষ ইচ্ছে: তার মৃতদেহ লেনিনের মতো সংরক্ষণ করা হোক
উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৮
১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা লিখে সই করে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। প্রকাশ্যে এসেছে ম্যারাডোনার সেই চিঠি। বিশ্ববিখ্যাত নেতা ভ্লাদিমির লেনিনের মতো তার মৃতদেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
১৯২৪ সালে মারা গিয়েছিলেন লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা রয়েছে। ম্যারাডোনার ইচ্ছা তার দেহও সংরক্ষণ করা হোক, সঙ্গে তার ট্রফি।
ঐ চিঠিতে ম্যারাডোনা লেখেন, ‘গভীর ভাবে চিন্তা করার পর, আমার ইচ্ছা যে আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালবাসা জানিয়ে যাক সেখানেই।’
বেলা ভিস্টার সমাধিস্থল থেকে ম্যারাডোনার দেহ তুলে আনার ভাবনার কথা জানিয়েছেন ম্যারাডোনার আইনজীবী মারিয়ো বাউড্রি।
মারিয়ো বাউড্রি বলেন, “যেখানে সব ভক্তরা আসতে পারবেন তেমন সমাধির কথা ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেন।”
৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৫ নভেম্বর।

