মাস্ক না পরে সেলফি, প্রেসিডেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা
উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪০
করোনাভাইরাস মহামারির মধ্যেই মুখে মাস্ক না পরে সেলফি তুলে আইন ভাঙার দায়ে সাড়ে তিন হাজার ডলার ( বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা) জরিমানা গুনেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা।
বিবিসি’র এক প্রদিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে এক নারীর সাথে তোলা ওই সেলফি ভাইরাল হয়। পরে অবশ্য এজন্য ক্ষমা চেয়েছিলেন প্রেসিডেন্ট পিনেরা।
তিনি স্বীকার করেছেন যে, কাচাগুয়া শহরের কাছে সৈকতে ওই নারীর সাথে সেলফি তোলার সময় তার মাস্ক পরে নেয়া উচিত ছিল।
কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকেই জনসম্মুখে মাস্ক পরার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে চিলিতে। এছাড়া মাস্ক পরার নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও বিধান রয়েছে। যার মধ্যে রয়েছে জরিমানা এবং কারাবাস।
প্রসঙ্গত, দেশটিতে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিতেই কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই সবচেয়ে বেশি।

