হলিউডের পর্দায় মাদার তেরেসা, শুটিং শুরু কলকাতায়
উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪৫
যাদের সমাজে কোনো স্থান ছিল না, তাদের সযত্নে আশ্রয় দিয়েছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা এক মহিয়সী নারী অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ। আর্ত মানবতার সেবায় যিনি নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন। দেখতে দেখতে তিনি পরে হয়ে ওঠেন সকলের প্রিয় মাদার তেরেসা। সেই মহীয়সী নারীর জীবনকাহিনী ফুটে উঠতে চলেছে ভারতের রুপোলি পর্দায়। ছবির নাম- ‘কবিতা অ্যান্ড তেরেসা’।
কমল মুসালের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্যের এই ছবি ইংরাজি ভাষায় তৈরি হবে। পরিচালক কমল মুসাল এর আগেও বেশ কিছু ছবির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছেন। শুটিংয়ের জন্য ইতোমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ, ‘অক্টোবর’ খ্যাত বণিতা সান্ধু ও বলিউড অভিনেত্রী দীপ্তি নাভাল। জ্যাকলিনকে এই ছবিতে মাদারের ভূমিকায় দেখা যাবে।
কলকাতা শহরে পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের হলিউডের সেই সিনেমার শুটিং-ই শুরু হয়েছে। কারণ, মাদার তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাটিয়েছেন এই শহরে। কাজেই তার বায়োপিকের শুটিংয়ের লোকেশন তালিকায় কলকাতার নাম যে থাকবেই, তা বলাই বাহুল্য।

